প্রেমের ফাঁদে পাঁচ লক্ষ টাকা খোয়ালেন নার্স! হাসপাতালে এসে হুমকি, পলাতক অভিযুক্ত

ইউবিএন:প্রেমের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হলেন ভিনরাজ্যের এক আদিবাসী তরুণী নার্স। কোচবিহারের এক সরকারি হাসপাতালে কর্মরত ওই নার্সের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে এক গাড়িচালক তরুণ তাঁর সঙ্গে সহবাসের পাশাপাশি নগদ প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সম্পর্ক ভাঙার পরেও অভিযুক্ত তরুণ নিত্যদিন হাসপাতালে এসে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ওই নার্সের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

চাকরিসূত্রে কোচবিহারে আসার পর পরিচয় হয় ওই গাড়িচালকের সঙ্গে। সম্পর্ক গড়ায় প্রেমে। অভিযোগ, বিয়ের আশ্বাসে গত চার বছরে একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই তরুণ। এমনকি কলকাতায় নিয়েও যাওয়া হয় তাঁকে। নার্সের দাবি, “সম্পর্কে রাজি না থাকলে আমার আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করার ভয় দেখাত। একাধিকবার নগদ টাকা, মোবাইল ও বাড়ির জিনিসপত্রও নেয় সে।”

সম্পর্ক শেষ হওয়ার পরেও ওই তরুণ হাসপাতালের কোয়ার্টারে গিয়ে হুমকি দিতে থাকে। নার্স জানান, “আগেও পুলিশের কাছে জানিয়েছিলাম, কাজ হয়নি। এবার লিখিত অভিযোগ করেছি। আমি দোষীর শাস্তি চাই এবং হাসপাতালে নিরাপত্তা চাই।”

হাসপাতালের সুপার বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত নই। লিখিত অভিযোগ পেলে পুলিশকে জানানো হবে।”

এদিকে, ওই নার্স চলতি বছরের মে মাসে অন্যত্র রেজিস্ট্রি বিয়ে করেছেন। তাঁর স্বামী বলেন, “স্ত্রীর সঙ্গে অন্যায় হয়েছে। দু’বার থানায় গিয়েও ফল পাইনি। এবারও যদি ব্যবস্থা না হয়, তাহলে উচ্চমহলে জানাব।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। আরজি কর মেডিকেল কলেজ কাণ্ডের পর রাজ্যজুড়ে যখন স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তখন কোচবিহারে এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Popular posts from this blog

পথ দুর্ঘটনা কমাতে লেজার স্পিডগান নিয়ে রাস্তায় পুলিশ

গণেশের পৈতে চুরির চেষ্টায় চাঞ্চল্য নিশিগঞ্জে

নিশিগঞ্জে কলেজকে সরকার পোষিত করতে গণকনভেনশন