বাংলায় টার্গেট ঠিক করে দিলেন অমিত শাহ
ইউবি ডেস্ক:২০২১ সালে ‘এবার দো শো পার’ স্লোগান মুখ থুবড়ে পড়লেও লক্ষ্যচ্যুত হতে রাজি নয় বিজেপি। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের বাংলায় ২০০ আসনের টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে তিন দিনের সফরে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংগঠন মজবুত করাই এখন বঙ্গ বিজেপির প্রধান লক্ষ্য।
এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে ২০১১ সাল থেকে টানা তৃণমূলের জয়। ২০১৬ ও ২০২১—দুইবারই এখান থেকে বিপুল ভোটে জিতেছেন মমতা। তাই এই ‘হেভিওয়েট’ কেন্দ্র এবার বিজেপির পাখির চোখ।
বৈঠকে অমিত শাহ বলেন, “৩ আসন থেকে যদি ৭৭ আসনে পৌঁছানো যায়, তবে ৭৭ থেকে ২০০ কেন নয়?” একই সঙ্গে তিনি বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন। সপ্তাহে চারদিন এলাকায় সময় দেওয়া ও সংগঠনে সক্রিয় থাকাকেই টিকিট পাওয়ার শর্ত বলে জানিয়ে দেন শাহ। সংগঠন জোরদার করতেই দিলীপ ঘোষকে ফের সক্রিয় ভূমিকার ইঙ্গিত মিলেছে।