মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হল ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মনের হাতে
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা নিয়ে, শীতলকুচি বিধানসভার মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার পানিগ্রামে উপহার সামগ্রী তুলে দেওয়া হল বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ও সমাজের বিশিষ্ট নাগরিক মনীন্দ্র বর্মনের হাতে।
এদিন তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায় মনীন্দ্র বর্মনের হাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র, উত্তরীয়, পাশাপাশি রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ ও ‘উন্নয়নের সংলাপ’ শীর্ষক পুস্তিকা সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনীন্দ্র বর্মন দীর্ঘদিন ধরে ভাওয়াইয়া লোকসংগীত চর্চার মাধ্যমে উত্তরবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরেছেন। তাঁর শিল্পীসত্তা ও সামাজিক দায়বদ্ধতা সকল মহলে প্রশংসিত। এদিন তাঁর আন্তরিক আতিথেয়তায় উপস্থিত সকলে মুগ্ধ হন।যদিও রাজ্য সরকারকে বিঁধে বেশকিছু উত্তরের মনীন্দ্রের গান নিয়ে শাসকদলের রোষের মুখেও পড়তে হয়।
মনীন্দ্র বর্মন জানান, আগামীদিনে তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগকে কেন্দ্র করে গান রচনা ও পরিবেশন করবেন। সংস্কৃতির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য বলে তিনি জানান।
শেষে মনীন্দ্র বর্মনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।